মাহমুদউল্লাহ-আরিফুলের ফিফটিতে আবাহনীকে ২৪১ রানের টার্গেট মোহামেডানের

প্রিমিয়ার লিগের অলিখিত ফাইনালে আবাহনীকে ২৪১ রানের টার্গেট দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলামের দুই ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান।

এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো প্রিমিয়ার ক্রিকেট লিগ শিরোপা জিতবে মোহামেডান। 

তাওহীদ হৃদয় নিষিদ্ধ থাকায় রনি তালুকদারের অধিনায়কত্বে মাঠে নামে মোহামেডান। তৌফিক তুষারকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫০ রান এনে দেন তিনি। ৪৭ বলে ৪৫ রান করে নিজে আউট হন দলকে ৬৬ রানে রনি। ৪২ রান করা ফরহাদ হোসেন যখন আউট হন তখন মোহামেডানের সংগ্রহ ৩০ ওভারে ১২৪। 

রিপন মন্ডল নেন এক উইকেট। ফাইল ছবি

এরপর আরিফুলকে নিয়ে ৯০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। তবে ১৬ ওভার খরচ করে ফেলেন দুজনে। ৬২ বলে ৫০ রান করে আবাহনী অধিনায়ক মোসাদ্দেক সৈকতের বলে আউট হন মাহমুদউল্লাহ। সৈকত ৪৮তম ওভারে আউট করেন আরিফুলকেও। ৫৭ বলে ঠিক ৫০ করে যান আরিফুল। 

মোহামেডানের আগের ম্যাচের হিরো সাইফুদ্দিন ও নাসুম আহমেদ ১৩ বল খেললেও এবার আর বিগ হিট নিতে পারেননি। শেষপর্যন্ত ২৪০ রানে গিয়ে ঠেকে মোহামেডানের সংগ্রহ। 

সৈকত, মেহেরব ও মাহফুজুর রাব্বি- তিন স্পিনার নিয়েছেন ৫ উইকেট। একটি করে উইকেট নেন দুই পেসার মৃত্যুঞ্জয় ও রিপন মন্ডল।