তৃতীয় শ্রেণি‌র শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

ঢাকার সাভারে তৃতীয় শ্রেণি‌র এক মাদরাসা শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মমতাজ (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আইঠর গ্রামের বৃদ্ধ মমতাজ শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির বাবা-মা বাড়ি ফিরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলে মাকে সব বলে দেয়। লোক লজ্জার ভয়ে মেয়েটিকে নিজ গ্রামের বাড়ি মানিকগঞ্জ পাঠিয়ে দেন। পরবর্তীতে সেখানে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন।

শিশুটির বাবা বলেন, অভিযুক্ত মমতাজ সম্পর্কে তার চাচাতো চাচা হন। ভুক্তভোগী শিশুটি তার নাতনি। সেই সূত্রেই তাদের বাড়িতে যাতায়াত ছিল। আমি আমার মেয়ের এতবড় ক্ষতি যে করেছে তার সর্বোচ্চ শাস্তি চাই।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছি।