গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হত্যা করেছেন বাবা। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামে খুন হওয়া ওই ছেলের নাম আনোয়ার হোসেন (৩০)। তাকে হত্যা করে গতকাল বুধবার সকাল সকাল ৮টার দিকে বাবা মোহাম্মদ আলী (৭০) থানায় গিয়ে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ছেলের শোবার ঘরে ঢুকে বঁটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন তিনি। তার দাবি ছেলে বখে গেছে, সে মাদকাসক্ত। তার অত্যাচারে বাড়ির সবাই অতিষ্ঠ। নিরুপায় হয়ে এ পথ বেছে নিয়েছেন।
নিহতের স্বজনরা জানান, আনোয়ার হোসেন গত বছরের মার্চে দেশে ফেরেন। এরপর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য আনোয়ার হোসেন বাবা, মা ও বোনকে প্রায়ই মারধর করতেন।
শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন ম-ল বলেন, ওই বৃদ্ধ দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। আমরা ঘটনাস্থল থেকে দা উদ্ধার করেছি। ছেলে মাদকাসক্ত ছিল। মরদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ঝিনাইদহ সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে গতকাল দুপুর একটার দিকে মোশাররফ হোসেনের (৫৫) বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত মোশাররফ ওই গ্রামের শমসের মোল্লার ছেলে। এ সময় হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে ওই বাড়ির আনিছুর রহমান, মতিয়ার রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন ও নাহিদ নামের ছয় জনকে আহত করে। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আহম্মদ আলীর ভাষ্যমতে, দীঘিরপাড় গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা শহীদ শিকদার ও আবু সাঈদের দুটি সামাজিক দল ছিল। গ্রামপর্যায়ে তারা আলিমুদ্দীন ও আমজাদ আলী গ্রুপে বিভক্ত। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর উভয় গ্রুপের সামাজিক দলের সদস্যরা যুবদল নেতা শাহাবুল ও বিএনপি নেতা জাহিদ বিশ্বাসের দলে যোগদান করে এবং সামাজিক বিরোধে লিপ্ত হয়।
সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, গত ২৮ এপ্রিল আমজাদ আলীর সমর্থকদের বাড়িঘরে আলিমুদ্দীনের সমর্থকরা হামলা চালায় এবং পিটিয়ে ও কুপিয়ে পাঁচ জনকে আহত করে।
এ নিয়ে বুধবার দুপুরে এলাকায় পুলিশ আসবে এমন খবরে আলিমুদ্দীনের সমর্থকরা নিরাপদ স্থানে চলে যায়। এ সময় আমজাদ আলীর সমর্থকরা আলিমুদ্দীন গ্রুপের সদস্য মোশাররফ হোসেন মোল্লার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মোশাররফসহ ৭ জনকে জখম করে। পরে মোশাররফ চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রাজবাড়ীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার : রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকা থেকে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রুবেল সরদার (৩৯) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের দক্ষিণ ভবানীপুর গ্রামের কাহারপাড়া এলাকার আলম সরদারের ছেলে।