শরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান ছুটি না নিয়ে ছয় দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার অদূরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় করা মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি ২৪ এপ্রিল থেকে পালং মডেল থানায় অনুপস্থিত রয়েছেন বলে ধারণা সহকর্মীদের।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ‘মাসুদুর রহমান অনুপস্থিত রয়েছেন। তিনি কোথায় আছেন তাও জানি না। জুলাই গণ-অভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট ঢাকার ঘটনায় তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। তবে অভিযোগের সিদ্ধান্ত ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে আমরা অবগত নই। এ বিষয়ে আমরা প্রতিবেদনের মাধ্যমে তদন্ত করে বলতে পারব।’ এ ব্যাপারে পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমানের বক্তব্য নিতে থানায় গেলে তাকে কক্ষে পাওয়া যায়নি। তার সরকারি নম্বরটাও বন্ধ রয়েছে।
পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘মা অসুস্থ বলে পাঁচ দিনের মৌখিক ছুটি নিয়েছেন থানা পরিদর্শক মাসুদুর রহমান। এখন তার মোবাইলফোনটি বন্ধ পাচ্ছি।’