বাবর জানেন না তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ

তিন ফরম্যাটেই দীর্ঘদিন ফর্মহীনতায় ভুগছেন বাবর আজম। মাঝেমধ্যে কিছু রান পেলেও তা মোটেও ধারাবাহিক নয় বা দলের কাজে লাগেনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ ১১ ইনিংসে ফিফটি নেই। চলতি পিএসএলেও তার ফর্মের একই হাল। এমতাবস্থায় নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে সংশয়ে আছেন বাবর।

কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েছিলেন বাবর আজম ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এরপর পিএসএলে পেশাওয়ার জালমির অধিনায়ক হিসেবে বাবরের মাত্র দুটি ইনিংস উল্লেখ করার মতো। বাবর করাচি কিংসের বিপক্ষে ৪১ বলে ৪৬ আর লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪২ বলে ৫৬ রান। কোয়েটার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আউট হয়েছেন ১২ রানে।

এমতাবস্থায় নিজের টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে জিও নিউজকে বাবর বলেন, ‘নির্বাচক ও কোচরাই বলতে পারবেন যে, তারা আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? আমার কাজ পারফর্ম করা, সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট যেখানেই হোক না কেন। দলে জায়গা পাওয়া আমার নিয়ন্ত্রণে নেই। আল্লাহ যতদিন চাইবেন, ততদিন খেলা চালিয়ে যাব। আমাদের জানানো হয়েছিল যে, টি-টোয়েন্টি থেকে আমাদের বিশ্রাম দেওয়া হয়েছে-এখন দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেয়।’

অথচ, বাবরের পরিসংখ্যান তাকে টি-টোয়েন্টিতে পাকিস্তানের অন্যতম সফল ক্রিকেটার হিসেবেই প্রমাণ করছে। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৩টি সেঞ্চুরি করেছেন বাবর। এই সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ ৩৬ ফিফটির রেকর্ডও তার। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ১২৮ টি-টোয়েন্টি খেলে ১২৯.২২ স্ট্রাইক রেট ও ৩৯.৮৩ গড়ে বাবর করেছেন ৪ হাজার ২২৩ রান।