বৈভবের দুর্বলতা ধরে ফেলেছেন দীপক চাহার

ছক্কা দিয়ে আইপিএল অভিষেকের এক ম্যাচ পরই ৩৫ বলে সেঞ্চুরি করে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। ১৪ বছরের এই কিশোর গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দেখলেন মুদ্রার অন্য পিঠ। দুই বল খেলে তিনি আউট হয়ে যান শূন্য রানে। ম্যাচ শেষে তাকে আউট করা দীপক চাহার দাবি করেন, বৈভবের দুর্বলতা তিনি ধরে ফেলেছেন।

দীপক চাহারের ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। মিড অনের ওপর দিয়ে বৈভব তুলে খেলতে গেলে ব্যাটে-বলে টাইমিং ভালো হয়নি। ক্যাচ যায় উইল জ্যাকসের হাতে। শূন্য রানে আউট হয়ে নিশ্চয়ই বৈভব নিশ্চয়ই বুঝবে যে, খেলার মাঠে সাফল্য এবং ব্যর্থতা হাত ধরাধরি করে চলে। এ কারণেই হয়তো শূন্য রানে আউট হয়ে এবার তার চোখে জল দেখা যায়নি।

ম্যাচ শেষে চাহার বলেছেন, ‘গুজরাটের বিপক্ষে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল বৈভব। প্রতিটা ব্যাটারের খেলার একটা ধরন থাকে। কোনো জায়গায় সে খুব শক্তিশালী হয়, কোথাও দুর্বল। বোলার হিসাবে আমার দায়িত্ব দুর্বল জায়গাটা খুঁজে বের করা। আমরা সব ব্যাটারের জন্যই সেই পরিকল্পনা করি। কখনও সেটা কাজে লাগে, কখনও লাগে না। এই ম্যাচে কাজে লেগেছে। আমরা জানি বৈভব প্রতিভাবান। আশা করি ভবিষ্যতে সে ভালো খেলবে।’

বৈভবের দুর্বলতা কী- সেটা অবশ্য প্রকাশ করেননি দীপক চাহার। তবে তার বোলিং থেকে কিছুটা অনুমান করাই যায়। বৈভব শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করে। চাহার সেই কারণে একটা স্লোয়ার ডেলিভারি করেছিলেন। সেই ফাঁদে পা দিয়ে আউট হয়েছেন বৈভব। ম্যাচটিতে মুম্বাইয়ের দেওয়া ২১৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে ১০০ রানে পরাজিত হয়ে রাজস্থান রয়্যালস।