রাজবাড়ীতে লোকসংগীতের কিংবদন্তি শিল্পী কাঙালিনী সুফিয়ার নামে ‘কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বুধবার রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর বিলপাড়া এলাকায় অবস্থিত এই একাডেমি ও জাদুঘরের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লোকসংগীত শিল্পী কাঙালিনী সুফিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ সময় সংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া বলেন, ‘জীবনের শেষ সময়ে এসে আমার নামে একটি একাডেমি ও জাদুঘর হয়েছে। এতে আমি আনন্দিত। আমার মৃত্যুর পর এটা টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। তবে এই একাডেমি ও জাদুঘরে এখনো কোনো সীমানা প্রাচীর নেই। ফলে এটি অনিরাপদ অবস্থায় রয়েছে। এখানে সীমানা প্রাচীর নির্মাণ করা খুবই জরুরি। জেলা প্রশাসককে আমি অনুরোধ করব, এখানে যেন তিনি সীমানা প্রাচীরটি নির্মাণ করে দেন।’
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘লোকজ সংস্কৃতি আমাদের শেকড়। এই একাডেমি ও জাদুঘর তারই বহিঃপ্রকাশ। এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করতে হবে। এখানে একটি মঞ্চ নির্মাণের ব্যবস্থা করব।’
অনুষ্ঠানে রাজবাড়ীসহ বিভিন্ন জেলা থেকে আগত লোকশিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। নানা বয়সী দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন গভীর আগ্রহে। প্রসঙ্গত, সংগীত জীবনে কাঙালিনী সুফিয়ার পথচলা শুরু মাত্র ১৪ বছর বয়সে। এখন পর্যন্ত তার রচিত গানের সংখ্যা প্রায় ৫০০। সংগীত জীবনে তিনি ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।