তৃতীয় বিয়েতে বাধা দেওয়ায় দ্বিতীয় স্ত্রীকে খুন

গাজীপুরের শ্রীপুরে তৃতীয় বিয়েতে বাধা দেওয়ায় দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে পৌরশহরের গিলারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী আম্বিয়া খাতুন (৩৫) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের আসাদুল্লাহ আকন্দের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে গিলারচালা এলাকার রুবেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। অভিযুক্ত স্বামী আসাদুল্লাহ আকন্দ বরামা গ্রামের আব্দুল মতিন আকন্দের ছেলে।

প্রতিবেশী বাসিন্দারা জানান, আম্বিয়া খাতুন আসাদুল্লাহের দ্বিতীয় স্ত্রী। তাকে নিয়ে বাড়ি থেকে বেশ ক্ষাণিকটা দূরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তবে বেশ কিছুদিন ধরে আসাদুল্লাহ আবারও বিয়ে করতে চাচ্ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। আম্বিয়া প্রায় সময় এ নিয়ে দুঃখ প্রকাশ করতেন। গত শুক্রবার রাতেও তাদের মধ্যে এ নিয়ে ঝগড়া-বিবাদ হয়। এক পর্যায়ে আম্বিয়াকে তার স্বামী মারধর করেন। পরে সকালে ঘরের মেঝেতে আম্বিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা দাবি করেন, তৃতীয় বিয়েতে বাধা দেওয়ার আম্বিয়াকে তার স্বামী খুন করেছে।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন ম-ল বলেন, ‘ওই নারীর দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী আসাদুল্লাহকে আটক করা হয়েছে।’