পকেটে মোবাইল ফোন নিয়েই নেমে পড়লেন ব্যাটিংয়ে!

ক্রিকেটের নিয়মকানুন খুবই কড়া, তবু কিছু ক্রিকেটার এসব অগ্রাহ্য করতে গিয়ে বিপাকে পড়েন। যেমন ল্যাঙ্কাশায়ারের পেসার টম বেইলি মোবাইল ফোন পকেটে নিয়েই ব্যাট হাতে নেমে পড়েন মাঠে! ব্যাটিং করার সময় ফোন পকেট থেকে পড়ে গেলে তা ফাঁস হয়ে যায়। এই ঘটনায় সমর্থকরা হাসাহাসি করলেও বেচারা বেইলি এখন শাস্তির মুখে আছেন।

ইংল্যান্ডের কাউন্টির ম্যাচে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ১০ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বেইলি। ম্যাচের ১১৪তম ওভারের ঘটনা। জোশ শ'র করা বলে দ্বিতীয় রান নিতে গিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছতেই আচমকাই তার পকেট থেকে একটি মোবাইল ফোন মাটিতে পড়ে যায়! ধারাভাষ্যকাররা বলতে থাকেন, ‘ওর পকেট থেকে কিছু একটা পড়ে গেছে... ওটা কি মোবাইল ফোন?!’ সঙ্গে সঙ্গেই আরেকজন মন্তব্য করেন, ‘না, এ হতে পারে না!’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, বলটি ফিল্ডারদের কাছ থেকে ফেরত আসার সময় বোলার নিজেই মোবাইলটি কুড়িয়ে নেন। এরপর সেটা আম্পায়ারের হাতে দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ম্যাচের ধারাভাষ্যকারেরা বলছিলেন, ‘এটা হয়তো রিপোর্ট পর্যন্ত গড়াতে পারে। একজন ব্যাটসম্যান মাঠে মোবাইল ফোন নিয়ে খেলছে—এটা তো নিয়মের বাইরে!’