এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান –আশঙ্কা গাভাস্কারের

আপডেট : ০৪ মে ২০২৫, ০৩:৩১ পিএম

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মাঝে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই হামলার ঘটনায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এরপর থেকে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছে। এই দাবির পক্ষে অবস্থান নিয়েছেন সুনিল গাভাস্কার। তিনি আগামী এশিয়া কাপে পাকিস্তানের খেলার কোনো সম্ভাবনাই দেখছেন না।

আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ হওয়ার কথা আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘বিসিসিআই সবসময় ভারত সরকারের নির্দেশনা মেনে চলে। আমার মনে হয় না, এশিয়া কাপের ক্ষেত্রে ভিন্ন কিছু হবে। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আগামী এশিয়া কাপ আয়োজন করবে। তাই পুরোটাই নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। বর্তমান পরিস্থিতি যদি পরিবর্তন না হয়, তাহলে আমি অন্তত এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না।’

শুধু এটাই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙে যাওয়ার আশঙ্কাও করেছেন গাভাস্কার, ‘এরপর কী হবে জানি না। হয়তো এসিসি ভেঙে দেওয়া হবে। তিনটি দেশকে নিয়েই হয়তো খেলা হবে। পাশাপাশি হয়তো হংকং এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হবে। আগামী কয়েক মাসের পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করবে। এসিসি ভেঙে গেলে আমি অন্তত অবাক হব না। দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ভালো না হলে খেলার ক্ষেত্রেও সমস্যা হয়।’

গাভাস্কারের মতে অদূর ভবিষ্যতে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। কোনো দেশই অন্য দেশে দল পাঠাবে না। তিনি আরও বলেন, ‘এমনও হতে পারে যে, ভারতই এসিসি থেকে বেরিয়ে গেল! চার বা পাঁচটি দেশকে নিয়ে টুর্নামেন্ট হতে পারে। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে। বাংলাদেশ বা শ্রীলঙ্কা আয়োজক হলে হয়তো অন্যরকম হতো। কিন্তু এবারের আয়োজক ভারত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত