আ. লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ

লক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতাকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে ছাত্র-জনতা। রবিবার (৪ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে এই ঘটনা ঘটে।

গণধোলাইয়ের শিকার নেতা হচ্ছেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেন। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলা ও খুনের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসিনার পতনের পর থেকে মুরাদ হোসেন গা-ঢাকা দিয়েছিলেন। মাঝে মধ্যে তাকে কিছু সময়ের জন্য হাট-বাজারে দেখা যায়। মুরাদ হোসেনকে ধরতে পুলিশ একাধিকবার বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি। রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশে ঘুরতে দেখে ছাত্র-জনতা একত্রিত হয়ে তাকে আটক করে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।

শিক্ষার্থীরা জানায়, খুনি একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে ৪ আগস্ট মুরাদ হোসেন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণে সরাসরি অংশ নেয়। শিক্ষার্থী হত্যা মামলায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল মোন্নাফ বলেন, মুরাদ হোসেন ৪ আগস্টে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যেই হামলায় ও গুলিতে অংশ নেন। ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে দেয়। বৈষম্যবিরোধী শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।