গাইবান্ধার সাদুল্লাপুর

অপহরণের ভিডিও ভাইরাল, ২ দিনেও উদ্ধার হননি যুবক

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবককে অপহরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনার দুই দিন পার হলেও গতকাল রবিবার বিকেল ৪টা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত যুবক তরিকুল ইসলাম (৩৫) পেশায় পল্লী চিকিৎসক। তার বাড়ি সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কয়েক ব্যক্তি তরিকুলকে টেনেহিঁচড়ে ব্যাটারিচালিত একটি ভ্যানে তুলছেন। ভ্যানে তোলার পর কেউ দাঁড়িয়ে কেউ বসে তাকে ধরে আছেন। একজন ভ্যানটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় কয়েকজন ঘটনাটি দেখতে থাকেন। তরিকুল তাদের সাহায্য চাইলেও সবাই দাঁড়িয়ে ছিলেন। গত শুক্রবার বিকেল ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ওই পল্লী চিকিৎসকের ছোট ভাই হিরু মিয়া গত শনিবার সাদুল্লাপুর থানায় অভিযোগ দেন। অভিযোগে আটজনের নাম উল্লেখসহ সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, অপহৃত তরিকুল ইসলামকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। ঘটনার সময়ের ভিডিওটি দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।