বগুড়ায় মাছ বেচতে এসে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে মাছ বিক্রি করতে এসে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মথুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘায় বড়ইতলী গ্রামের মৃত কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।

সারিয়াকান্দি থানার ওসি জামিলুর ইসলাম জানান, যমুনা নদীতে মাছ ধরে মথুরাপাড়া এলাকার মাছের আড়তে বিক্রি করতে আসেন দুই ভাই। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা আড়তের পাশে নদীর ঘাটে রাখা নৌকা ভালোভাবে বাঁধতে যান। এ সময় বজ্রাঘাতে তারা নৌকা থেকে পানিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

পরে পুলিশ গিয়ে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করে। নিহত দুই ভাই কাজীপুর, সারিয়াকান্দির বিভিন্ন স্থানে যমুনা নদীতে মাছ ধরতেন বলে জানান ওসি।