আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে ভক্তরা চেনেন ফুটবলের ডাগআউটে সাহসী এক নায়ক হিসেবে। তবে মাঠের বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে—তিনি সাইক্লিংপাগল! নানা সময় প্রতিযোগিতামূলক সাইক্লিং রেসে অংশ নিতে দেখা গেছে তাকে। সেই ধারাবাহিকতায় আবারও মাউন্টেন বাইকে দেখা গেল লিওনেল মেসিদের কোচকে। তবে এবার একা নন, সঙ্গী ছিলেন সহকারী কোচ পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল ও রবার্তো আয়ালাও।
সম্প্রতি করডোবার পুনিলা ভ্যালিতে অনুষ্ঠিত হলো লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ মাউন্টেন বাইক রেস—‘দেসাফিও রিও পিন্টো’। বিশাল এ আয়োজনে পাঁচ হাজারের বেশি প্রতিযোগীর ভিড়ে অংশ নেন আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরাও। ৮৫ কিলোমিটার দীর্ঘ এই কঠিন রেসে স্কালোনি অংশ নেন ‘ম্যানস প্রফেশনাল’ বিভাগে। ৯৮ জন প্রতিযোগীর মধ্যে তিনি শেষ করেছেন ২২তম হয়ে। সময় লেগেছে ৩ ঘণ্টা ৩৩ মিনিট ৩৩ সেকেন্ড।
শেষ লাইনে পৌঁছানোর সময় স্কালোনির শরীরটা ছিল কর্দমাক্ত। তবু ঠোঁটে লেগে থাকা হাসিটুকু ছিল অমলিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রেস শুরুর আগেও ছিলেন যথারীতি মনোযোগী। যেন ডাগআউটে দাঁড়িয়ে আছেন ম্যাচের ঠিক আগে! আর্জেন্টিনার জাতীয় সংগীতের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা গেছে তাকে, ছিলেন পুরোপুরি আত্মমগ্ন।
শুরুর আগে পাঁচ হাজার প্রতিযোগীর উদ্দেশে বার্তাও দিয়েছেন স্কালোনি, 'চলুন রেসটা আমরা উপভোগ করি। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।' তার বক্তব্যের সময় আশপাশ থেকে ভেসে আসছিল ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ ধ্বনি।
সহকারী কোচদের মধ্যে পাবলো আইমার ও ওয়াল্টার স্যামুয়েল যথাক্রমে ৪ ঘণ্টা ১২ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করেন। ৭৮তম হয়ে শেষ করা রবার্তো আয়ালার সময় লেগেছে ৬ ঘণ্টা ১২ মিনিট ৪০ সেকেন্ড। পুরো রেসে প্রথম হয়েছেন কাতরেল আন্দ্রেস সোতো, যিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ড।
স্কালোনির এই সাইক্লিং প্রেম নতুন কিছু নয়। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'ফুটবল ছাড়ার পর সাইক্লিং আমার প্যাশন হয়ে দাঁড়ায়। প্রতিদিন দেড় ঘণ্টা সাইকেল চালাই, যদিও রোড বাইকের চেয়ে মাউন্টেন বাইক চালাতে বেশি ভালো লাগে।'
সাইক্লিংয়ের মাটিতে পড়েও আবার উঠে দাঁড়ানো এই মানুষটা যেন ফুটবলেও ঠিক এমনই—চাপের মুখে মাথা উঁচু রাখা এক প্রকৃত লড়াকু!