আইসিসির মাসসেরার তালিকায় মিরাজ

ঘরের মাঠে জিম্বাবুয়েরে বিপক্ষে টেস্ট সিরিজে দল হিসেবে বাজে নৈপুণ্য দেখালেও একক নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের তারকা এ অলরাউন্ডার এবার তার ফলশ্রুতিতে জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায়।

এ তালিকায় তার সঙ্গে থাকা অপর দুই জন পেসার। তারা হলেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে সিলেটের দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট শিকার করেন মিরাজ। তাতে বনে যান বাংলাদেশের হয়ে তৃতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারী।

পরের চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান তিনি। এর পর দ্বিতীয় ইনিংসে টানা ৫ উইকেট শিকার করে ইনিংস ব্যবধানে জয় এনে দেন দেশকে। ওই জয়ে সিরিজে সমতা টানে বাংলাদেশ।