মাদকসেবীকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা-মা

নাটোরের বড়াইগ্রামে গতকাল সোমবার মাদকাসক্ত সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। মাদকাসক্ত ওই তরুণের নাম স্বাধীন ইসলাম (২৬)। সে উপজেলার আগ্রান গ্রামের আবদুস সালামের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে এ দ- দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে আপন দুই ভাইসহ আরও চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানান, স্বাধীন মাদক সেবনের টাকার জন্য সে প্রতিনিয়ত পরিবারের লোকজনের ওপর অত্যাচার করে আসছিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গতকাল দুপুরে বাবা-মা তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দেন। পরে বাবা-মায়ের অভিযোগসহ তার স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- দেয়। এ ছাড়া একই দিনে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার পারকোল গ্রামের রিয়াজুল খানকে এক বছর, কালিকাপুর বেড়পাড়া গ্রামের আব্দুল হালিম ও আব্দুল বারেককে এক মাস করে এবং হারোয়া গ্রামের মনজুর হোসেনকে সাত দিনের কারাদ-সহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।