কাশ্মীর সীমান্তে টানা ১২ দিন ভারত–পাকিস্তান গোলাগুলি

কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সীমান্তে টানা ১২ দিন ধরে চলা গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখা। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে যুদ্ধাবস্থা নিরসনের আলোচনা হয়। এতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হলেও, বাস্তবে তা হয়নি। উল্টো দ্বিপক্ষীয় সংকট আরও ঘনীভূত হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কাও দেখা দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা চললেও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা ১২তম রাত গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। এর জবাবে ভারতীয় সেনারাও পাল্টা হামলা চালাচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী জানায়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরের বিপরীতে পাকিস্তান সেনারা গুলি চালালে, তারা তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিরোধে অংশ নেয়।

এই পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে আন্তর্জাতিক মহলে।