দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর স্কুল পেলো মুসলিম শিক্ষক 

চট্টগ্রাম জেলার পটিয়ায় গত ৩ মে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ভার্সনে ‘এক স্কুলে সকল শিক্ষক হিন্দু শিক্ষার্থীরা মুসলিম’ শীর্ষক সংবাদ প্রকাশের পর অবশেষে পশ্চিম রসিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন মুসলিম শিক্ষক সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত শিক্ষকের নাম রেহানা আক্তার। তিনি পার্শ্ববর্তী রসিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের পশ্চিম রসিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৪ জন শিক্ষকের সবাই সনাতনী ধর্মাবলম্বী। অপরদিকে বিদ্যালয়ে অধ্যয়নরত ১২৩ জন শিক্ষার্থীর সকলেই ইসলাম ধর্মাবলম্বী। পশ্চিম রসিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষকের পদ সংখ্যা ৬টি। কর্মরত শিক্ষক ৪ জন। তৎমধ্যে একজন বিটিপিটি প্রশিক্ষণরত। কর্মরত ৪ জন শিক্ষকের সকলই সনাতনী ধর্মাবলম্বী হওয়ায় ইসলাম শিক্ষা পাঠদানের কোন শিক্ষক ছিলনা। বিদ্যালয়টি ইসলাম ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় অবস্থিত। ইসলাম শিক্ষা পাঠদানের জন্য কোন ইসলাম শিক্ষক না থাকায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি এস এম হারুনুর রশিদ জানান, শতভাগ ইসলাম ধর্মাবলম্বী  শিক্ষার্থী বিশিষ্ট একটি বিদ্যালয়ে সকল শিক্ষক সনাতনী ধর্মাবলম্বী হওয়ায় এলাকায় সমালোচনার ঝড় উঠে।

পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে সারা পটিয়ায় তোলপাড় সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একজন মুসলিম শিক্ষক পদায়ন করায় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অত্র বিদ্যালয়ে একজন মুসলিম শিক্ষক সংযুক্ত করা হয়েছে।