এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির কারণে এক দিনের ব্যবধানে টানা দ্বিতীয় দফায় বাড়ানো হলো সোনার দাম। দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের (হলমার্ককৃত) সোনার দাম ৩ হাজার ৬৬২ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

গতকাল মঙ্গলবার বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় তেজাবী বাজারে (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই নতুন দাম নির্ধারণ করা হলো। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে স্থানীয় তেজাবী বাজারেও দাম বেড়ে যায়।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্সপ্রতি ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৩১৭ মার্কিন ডলার। এর বিপরীতে বিশ^ অর্থনীতিতে মার্কিন ডলার দুর্বল হয়েছে।

এর আগে গত সোমবার বাজুস স্থানীয় বাজারে সোনার দাম বাড়িয়েছিল। প্রতি ভরি ভালো মানের সোনার দাম সেদিন ২ হাজার ৩১০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ২৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এই দাম বৃদ্ধির পরদিনও আবার নতুন দাম নির্ধারণ করল বাজুস।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৫১০ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৫ টাকা নির্ধারণ করা হয়। যা আগে ছিল ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ৯৯৭ টাকা। ফলে ১ লাখ ৪০ হাজার ১৪২ টাকা থেকে বেড়ে ১৮ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ১৪০ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫৫৪ টাকা বাড়িয়ে ১ লাখ ১৮ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকা। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্তে সোনার দাম বাড়ানো হয়েছে।