সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। তারা হলেন, মো. সাদ্দাম খান ও আব্বাস মোল্লা। এদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়।
গতকাল দুপুরে বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের কার্যালয়ের চিফ স্টাফ অফিসার সঞ্জীব কুমার দে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য জানান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছে কোস্ট গার্ড। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড চিফ স্টাফ অফিসার সঞ্জীব কুমার দে সাংবাদিকদের বলেন, সোমবার বিকেলে সুন্দরবনের শিপসা নদীর আদাছড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই দুই বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, একটি শর্টগান, ২৩ রাউন্ড বন্দুকের তাজা গুলি, ২০৪টি গুলির খোসা, ২৮টি মোবাইলফোন সেট, ১১টি ওয়াকিটকি চার্জার, অস্ত্র তৈরির সরঞ্জামাদি, দুটি কাঠের নৌকা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্র। এই দুজন সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র গুলি ও রসদ সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে।