আইপিএলের ‘প্রতারক একাদশের’ অধিনায়ক রিশাভ পান্ত

আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি দামের ক্রিকেটার রিশাভ পান্ত এবারের আসরে চরম ব্যর্থ। চারিদক থেকে তার সমালোচনা হচ্ছে। পান্তের মতো আরও কয়েকজন নামীদামী ক্রিকেটার পারফর্ম করতে পারছেন না। সেই ক্রিকেটারদের নিয়েই একাদশ সাজিয়েছে আইসল্যান্ড ক্রিকেট! নাম দেওয়া হয়েছে ‘আইপিএলের প্রতারক একাদশ’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘বৃষ্টিমুখর দিনে আপনাদের জন্য রইল আইপিএলের ফ্রড একাদশ। একাদশে আছেন— রাহুল ত্রিপাঠী, রাচিন রবীন্দ্র, ঈশান কিশান, রিশাভ পান্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, লিয়াম লিভিংস্টোন, দিপক হুদা, রবিচন্দ্রন অশ্বিন, মাথিশা পাথিরানা, মোহাম্মদ শামি।’ ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় আছেন মুকেশ কুমার।

এবারের আইপিএল নিলামে সবচেয়ে বেশি ২৭ কোটি রুপিতে পান্তকে কিনেছে লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু ১১ ম্যাচে ১২.৮০ গড় ও ৯৯.২২ স্ট্রাইকরেটে তার সংগ্রহ মাত্র ১২৮ রান! এই ১২৮ রানের মধ্যে আবার চেন্নাইয়ের বিপক্ষে একটি ৬৩ রানের ইনিংসও আছে। সর্বোচ্চ রান সংগ্রাহকদের ৬০ নম্বরে আছেন পান্ত। এই ৬০ জনের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার, যার স্ট্রাইকরেট একশর নিচে! সে কারণেই হয়তো তাকে প্রতারক একাদশের অধিনায়ক করা হয়েছে।