শ্রীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজে থাকা এক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।  অফিস কক্ষে কাজ করার সময় তাকে আটক করা হয়। পরে পুলিশ বলছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সেটি নিশ্চিত করতে পারেনি।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা বাজার থেকে তাকে আটক করা হয়।
  
গ্রেপ্তারকৃত চেয়ারম্যানের নাম ছাইদুর রহমান মোড়ল শাহীন (৫০)। তিনি গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া তিনি একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রাজনীতি করতেন।

পুলিশের দাবি তার নামে কোনো মামলা আছে নাকি সেটি যাচাই বাছাই চলছে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বজনরা বলছে, তিনি আ. লীগের রাজনীতি করেন এটাই তার অপারাধ। তার নামে জুলাই বিপ্লব আন্দোলনের ঘটনায় কোনো মামলা নাই। আগে পরে কোনো মামলা নাই। কেন আটক বা গ্রেপ্তার করা হয়েছে পুলিশ এখনো নিশ্চিত করেনি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বেশ কিছু সাদা পোাশক ও পোশাকধারী পুলিশ এসে পুলিশ তাকে আটক করে। এ সময় তাকে নিয়ে বেশিক্ষণ অপেক্ষা করেনি। তারা বলেন ইউনিয়ন পরিষদ দাপ্তরিক দায়িত্ব পালনকালেই তাকে আটক করা হয়েছে।

গোসিংগা ইউনিয়ন পরিষদের সচিব ইয়াকুব আলী বলেন, দুপুর পৌঁনে দুইটার দিকে কিছু পুলিশ সদস্য তার অফিস কক্ষে প্রবেশ করেন। এ সময় তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যায়। তবে তার নামে কোনো মামলা আছে কিনা এমন তথ্য এ কর্মকর্তা জানেন না বলে জানিয়েছেন।  

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান মোড়ল শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।  তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়াম্যান। 

তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, কোনো মামলা আছে কিনা তা চেকব্যাক করছি। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারছেন না।