শিলাইদহে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু আজ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ। এবার জাতীয় পর্যায়ে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে উদযাপন করা হচ্ছে জন্মজয়ন্তী উৎসব। এ উপলক্ষে কুঠিবাড়িতে শুরু হচ্ছে তিন দিনের জাতীয় অনুষ্ঠান। সঙ্গে থাকছে গ্রামীণ মেলার আয়োজন। আজ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হচ্ছে এ আয়োজন। এবারের প্রতিপাদ্য বিষয় ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণিল এ অনুষ্ঠানমালা চলবে টানা তিন দিন। উৎসবকে কেন্দ্র করে প্রতিদিনই রবীন্দ্র কুঠিবাড়িতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। অনুষ্ঠানের জন্য কুঠিবাড়ির মূল চত্বরে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান।

এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘এ বছর কুঠিবাড়িতে জাতীয়ভাবে বিশ্বকবি  রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মোৎসব আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার তিন দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সঙ্গে থাকছে গ্রামীণ মেলার আয়োজন। রবীন্দ্র উৎসবে দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা আসেন কুঠিবাড়িতে। তাদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আশা করি, ভালোভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব।’