এনআইডি তথ্য ফাঁস

ব্র্যাক ব্যাংক ও আনসারের যাচাই সেবা সাময়িক বন্ধ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ভিডিপি) সঙ্গে পরিচালিত ‘যাচাই সেবা’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডেটা নিরাপত্তার স্বার্থে দৈনন্দিন যে চেকিং থাকে, প্রতিষ্ঠানগুলোকে দিয়েছি ওই প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত মনিটরিং করি। মনিটরিংয়ে গতকাল আমাদের কাছে তথ্য আসে, মনিটরিংয়ে ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের ডেটা লিকের প্রমাণ পাওয়া যাচ্ছে। তখন আমরা একটু কনসার্ন হই, যারা মনিটরিংয়ে ছিলেন তারা আরও ভালোভাবে চেক করেন।

এনআইডি ডিজি জানান, এ দুটো প্রতিষ্ঠান আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক, সেখান থেকে এ ডেটা লিকের ঘটনা ঘটছে। দুটো জায়গা থেকে লিক হচ্ছে তখন আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি।

তিনি আরও বলেন, যে লিংক থেকে ডেটা লিক হচ্ছিল, ওই লিংকে ক্লিক করলে এ দুটো প্রতিষ্ঠান আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক, সেখান থেকে এ ডেটা লিকের ঘটনা ঘটছে।

নিজেদের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, আমরা প্রথম থেকেই কমিশনের দৃষ্টিভঙ্গি এ রকম- এ ডেটা আপনাদের, আমাদের, সবার। আমরা সবাই নিরাপদ থাকব। নিরাপদ রাখার স্বার্থে যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছিÑএ দুটো জায়গা থেকে লিক হচ্ছে তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী।

উল্লেখ্য, এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। সবশেষ গত ফেব্রুয়ারিতে এনআইডি সেবা গ্রহণকারী তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস হওয়ার ঘটনার পর পাঁচটি প্রতিষ্ঠানের সেবাও বন্ধ রয়েছে। এবার আরও দুটি প্রতিষ্ঠানেও তথ্য ফাঁস হলো।