পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র সচল। কিন্তু এ প্রকল্প নির্মাণের পর প্রকল্প পরিচালক (পিডি) ৬ হাজার ৫৭১ কোটি টাকার কোনো হিসাব দিতে পারেননি। এ বিষয়ে অডিট আপত্তি রয়েছে, যা এখন নিষ্পত্তি করা যাচ্ছে না। কারণ প্রকল্প পরিচালক পলাতক। সবার উচিত প্রকল্প বাস্তবায়নে তদারকি বাড়ানো।
গতকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। এর আগে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।
এতে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ, প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ৬ লাখ টাকা।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, মাতারবাড়ী প্রকল্পে সমস্যা আছে। এখানে নিম্নমানের কয়লা ব্যবহার করা হচ্ছে। এখানে দূষিত কয়লা পাওয়া গেছে। এ কয়লা ব্যাংককে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। বিদ্যুৎকেন্দ্রের ব্রয়লারে ছাই পাওয়া গেছে, রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা হয় না। তিনি বলেন, হাতিরঝিলের পানি দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা পরিষ্কার করা দরকার। মশা ছড়াচ্ছে। দেশে বেড়িবাঁধ ভাঙন আছে, এজন্য কমিটি গঠন করে তদন্ত করা হবে। আন্তঃমন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সভায় যেসব প্রকল্প অনুমোদিত হয়েছে তার মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকল্প, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ (তৃতীয় সংশোধিত), নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও ক্ষতিকর আচরণ প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (প্রথম সংশোধিত), গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন (প্রথম সংশোধিত), ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহেন্সমেন্ট প্রজেক্ট, বি স্ট্রং এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প।