রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট। প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন তিনি। রবার্ট প্রিভোস্টই প্রথম একজন আমেরিকান পোপ হিসেবে ইতিহাস গড়লেন। পোপ হিসেবে তার নাম হবে পোপ লিও চতুর্দশ।
নতুন পোপ নির্বাচনের গোপন কনক্লেভে গতকাল বৃহস্পতিবার ভোটের দ্বিতীয় দিনের শুরুতে কার্ডিনালরা সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও চতুর্থ দফার ভোটে সফলতা এসেছে। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে অবশেষে দেখা যায় সাদা ধোঁয়া। এর মানে, নতুন একজন পোপ বেছে নিয়েছেন কার্ডিনালরা।
সাদা ধোঁয়া দেখামাত্রই উল্লাসে ফেটে পড়ে সিস্টিন চ্যাপেলের বাইরে সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমান মানুষ। তারা ছুটে আসেন সামনে, কেউ কেউ আনন্দে লাফিয়ে ওঠেন, কেউ আকাশের দিকে হাত তুলে প্রার্থনায় মগ্ন হন।
গত বুধবার শুরু হওয়া গোপন কনক্লেভে প্রথম দফা ভোটের পর সিস্টাইন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। যার অর্থ হচ্ছে এখনো নতুন পোপ নির্বাচন হয়নি।
ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে এবার ৭০টি দেশের রেকর্ড ১৩৩ কার্ডিনাল জড়ো হয়েছেন নতুন পোপ নির্বাচনে অংশ নিতে। এই কনক্লেভের লক্ষ্য এমন কাউকে পোপ হিসেবে নির্বাচন করা, যিনি নানা মতে বিভক্ত কিন্তু বৈচিত্র্যে ভরা চার্চকে একত্র করতে পারবেন। এই সিস্টাইন চ্যাপেলে ঢোকার পরই কার্ডিনালদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় বহির্বিশ্বের সব যোগাযোগ।
কনক্লেভের প্রথমদিনে সাধারণত পোপ নির্বাচন হতে দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম হয়নি। একাধিক দফা ভোটের পর উপস্থিত কার্ডিনালদের দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়া ব্যক্তি হলেন ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ। বুধবার শুধু একবারই ভোট হয়েছে।
প্রয়াত পোপ ফ্রান্সিস যেবার নির্বাচিত হয়েছিলেন, সেই ২০১৩ সালের কনক্লেভে ছিলেন ৪৮ দেশের ১১৫ কার্ডিনাল।