দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের তাগিদ

রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও কমিশনপ্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের এই তাগিদ দেন। সভায় কমিশনের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রধান উপদেষ্টা প্রথম ধাপের আলোচনায় সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।

দেড় ঘণ্টাব্যাপী এই সভায় অংশগ্রহণ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার,ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক ও যোগাযোগ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।