টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

বাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও!

আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সফরটি আটকে যেতে পারে। স্থগিত হয়ে যেতে পারে এশিয়া কাপও। ভারতের টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এমন খবর।

ভারতীয় সংবাদমাধ্যমটির রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। ওই সময়ে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে।

ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে আইপিএলের ১৮তম আসর স্থগিত করা হয়েছে আজ। আপাতত এই স্থগিতাদেশ এক সপ্তাহের জন্য।

তবে শিগগিরই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চালুর সম্ভাবনা ক্ষীণ।

টাইমস অব ইন্ডিয়া বলছে, যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবু এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি।