গাভী ফেরত পেতে পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে চুরি হওয়া গাভী-বাছুর ফেরত পেতে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। গাভী-বাছুরের মালিক ফজলু শেখের ভাগ্নে উজ্জ্বল সিকদার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী হাসানের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামের ফজলু শেখের বাড়ির গোয়ালের তালা ভেঙে একটি গাভী ও একটি বকনা বাছুর চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। এ ঘটনায় গরুগুলোর মালিক ফজলু শেখ মির্জাপুর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা এলাকা থেকে চুরি হওয়া দুটি গরু, গরু বহনকারী ট্রাক ও চোরকে আটক করে। আটক চোর জেলার কালিহাতী উপজেলার মালতী দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জাল হোসেন তোতার ছেলে আল আমিন (৩৫)। পরে ফজলু শেখ তার চুরি যাওয়া গরুর সঙ্গে উদ্ধার করা গরুর মিল রয়েছে জানালে আল আমিনকে চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উদ্ধার হওয়া গরু দুটি বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।

এদিকে ফজলু শেখের ভাগ্নে উজ্জ্বল সিকদার ও ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান বাদলের উপস্থিতিতে ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন সম্রাটের ব্যক্তিগত মোবাইল ফোনে এসআই আলী হাসানের সঙ্গে লাউড স্পিকারে কথা বলেন। এ সময় উদ্ধার করা গাভী-বাছুর মালিককে ফিরিয়ে দিতে আলী হাসান ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। উজ্জ্বল সিকদার সম্রাটের মাধ্যমে ১০ হাজার টাকা দিতে রাজি হন। কিন্তু তাতেও আলী হাসান রাজি হননি। তিনি বৃহস্পতিবার চোরচক্রের সদস্য আল আমিনকে টাঙ্গাইলের আদালতে হাজির করেন। তবে গাভী-বাছুর ফিরিয়ে দিতে ভুক্তভোগীদের কোনো সহায়তা করেননি।

ভুক্তভোগী ফজলু শেখের ভাগ্নে উজ্জ্বল সিকদার জানান, তারা এসআই আলী হাসানকে গরুগুলো ফেরত দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি ৫০ হাজার টাকা ঘুষ চান। টাকা দিলে থানা থেকে গরু দেবেন, না দিলে আদালত থেকে নিতে হবে বলে জানিয়েছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে মোবাইল ফোনে ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন সম্রাট বলেন, ‘গরুগুলো ফেরত দিতে এসআই আলী হাসান ৫০ হাজার টাকা চেয়েছিলেন। তারা ১০ হাজার টাকা দিতে রাজি হন। কিন্তু তিনি তা মানেননি।’

এ ব্যাপারে এসআই মোহাম্মদ আলী হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদের আদালত থেকে গরু নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’ বিষয়টি নিয়ে জানতে চাইলে মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, ‘গরু ফেরত পেতে মালিকসহ আত্মীয়দের আদালতে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ টাকা চাইলে থানায় অভিযোগ জানতে পারেন।’