জুলাই-আগস্ট গণহত্যা

হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন সোমবার

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

একই সঙ্গে অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল হত্যাকান্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ চলতি সপ্তাহে দাখিল হবে এবং এর মাধ্যমে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম।

এর আগে গত ২০ এপ্রিল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশন শাখায় দাখিল করা হবে।

গতকাল ফেসবুকে তিনি লিখেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে আশা করছি। দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ “ফরমাল চার্জ” দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।’

চিফ প্রসিকিউটর আরও লিখেন, ‘ইতিমধ্যে চানখাঁরপুল হত্যাকা-ের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যকা-ের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে।’

গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান।

জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে গুম এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকা-ের অভিযোগের মামলায় তার বিরুদ্ধে পৃথক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।