আগের ম্যাচে সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে যেখানে তিনশ ছাড়িয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’, সিলেটের শেষ একদিনের ম্যাচে সেই চিত্র পুরোপুরি বদলে গেল। টপ অর্ডারের চরম ব্যর্থতার দিনে ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদের হাফ সেঞ্চুরিতে কোনোমতে সম্মানজনক স্কোর গড়ে ২২৭ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।
আজ (বুধবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-টুতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ধাক্কা—মাত্র ৪ রান করে নাইম শেখ ফিরেন স্লিপে ক্যাচ দিয়ে। এরপর ইনফর্ম এনামুল হক বিজয় ফেরেন মাত্র ২ রান করে। বেন লিস্টারের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি।
প্রথম দুই উইকেট দ্রুত হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাইফ হাসান ও ইয়াসির আলী। জুটি জমে উঠলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১ রান করা সাইফ জেডন লেনক্সের বলে সুইপ করতে গিয়ে ধরা পড়েন মিড উইকেটে। এরপর একে একে ফিরে যান আফিফ হোসেন (১), আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নুরুল হাসান সোহান (১২) ও মোসাদ্দেক হোসেন (৪)। ১০৪ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।
এই অবস্থায় লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন ইয়াসির ও নাসুম। দুজন মিলে গড়েন ৪২ রানের জুটি। ইয়াসির তুলে নেন ৫৭ বলে হাফ সেঞ্চুরি, শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৬৩ রান। এরপর শেষ দিকে নাসুম আহমেদ ব্যাটে দৃঢ়তা দেখিয়ে ৭৮ বলে ফিফটি পূর্ণ করেন, শেষ পর্যন্ত করেন ৬৭ রান। ইবাদত হোসেনকে সঙ্গে নিয়ে রানটা দুইশ ছাড়িয়ে নিতে সমর্থ হন বাঁহাতি এই অলরাউন্ডার।
শেষ পর্যন্ত ৪৭.৩ ওভারে ২২৭ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’: ২২৭/১০ (৪৭.৩ ওভার)
ইয়াসির ৬৩, নাসুম ৬৭, সাইফ ৩১
অশোক ৩/৪৪, ফক্সক্রফট ২/৩২, লেনক্স ২/৩৫