সিলেট টেস্টে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। চোটের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়েছে তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এই বাঁহাতি ওপেনারকে।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের অষ্টম ওভারে ঘটে এই দুর্ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা বলে আমির জাঙ্গু লেগ গ্ল্যান্স করলে বলটি ফাইন লেগের দিকে চলে যায়। বল আটকাতে দ্রুত ছুটে যান সাদমান। সীমানার কাছাকাছি গিয়ে স্লাইড করার সময় ঘাসে পা পিছলে যায় তার। এতে বাঁ পায়ে গুরুতর মোচড় লাগে।
চোট পাওয়ার পরপরই মাঠে বসে ব্যথায় কাতরাতে থাকেন সাদমান। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত তার কাছে ছুটে আসেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। সতীর্থরাও সেখানে জড়ো হন। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ব্যথা কমেনি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।
সাদমানের চোটের প্রকৃত অবস্থা নিয়ে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম জানান, এমআরআই করতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী, মাথা বা ঘাড়ে আঘাত ছাড়া অন্য কোনো চোটে বদলি ব্যাটার নামানোর সুযোগ নেই। ফলে সাদমান খেলতে না পারলে দুই ইনিংসেই ১০ জন ব্যাটার নিয়ে খেলতে হবে বাংলাদেশকে।