কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পানিতে তলিয়ে রাজেশ কুমার পাল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। 

মৃত রাজেশ রাজশাহীর পুটিয়া এলাকার নামাজপুরের শারা পালের সন্তান। তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে শুক্রবার কুয়াকাটায় বেড়াতে আসেন।

রাজেশের দুলাভাই কমল কুমার পাল জানান, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ জানান, তার আত্মীয়রা হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। পরে আমরা থানা পুলিশকে খবর দেই।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ শাখাওয়াত হোসেন তপু জানান, সৈকতে নিখোঁজ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরে তাকে মৃত ঘোষণা করেন।