বিকেএমইএ নির্বাচনে মোহাম্মদ হাতেমের প্যানেল জয়ী

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স। ফলে সংগঠনটির সভাপতি হিসেবে মোহাম্মদ হাতেমের নেতৃত্ব অনেকটা নিশ্চিত হয়ে গেছে। আগামী ১৫ মে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, নির্বাহী সভাপতি, সাতজন সহসভাপতিসহ ৯ জন কর্মকর্তা নির্বাচিত হবেন।

গতকাল শনিবার রাজধানী ঢাকার বাংলা মোটর ও নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএর নিজস্ব কার্যালয়ের দুটি কেন্দ্রে ৫৭২ জন ভোটারের মধ্যে ৪৩১ জন ভোট দিয়েছেন।

ফলাফল ঘোষণার পর সংগঠনটির বর্তমান নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান দেশ রূপান্তরকে বলেন, ‘প্যানেল লিডার হিসেবে মোহাম্মদ হাতেমের নেতৃত্বে আমরা জয় লাভ করেছি। তার নেতৃত্বে বিকেএমইএ সদস্যদের কল্যাণে কাজ করব এবং রপ্তানিমুখী শিল্পের উন্নয়নে ভূমিকা রাখব।’