কিশোরগঞ্জে ভগ্নিপতির হাতে শ্যালক নিহত

কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে ভগ্নিপতির হাতে কিশোর শ্যালক রাকিব মিয়ার (১৩) মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে অপর শ্যালক জিসান (১৬)। গত শুক্রবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা ওই এলাকার সামসুল হক মিয়ার সন্তান। এ ঘটনায় গতকাল সকালে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকা থেকে ঘাতক ভগ্নিপতি ফারুক মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে মামাত বোন নাবিলা বেগমকে বিয়ে করে ফারুক মিয়া। নেশা করে বাড়ি ফিরে প্রায়ই স্ত্রী-সন্তানদের মারধর করেন তিনি। শুক্রবার রাতেও বাড়ি ফিরে স্ত্রী-সন্তানদের মারধর শুরু করলে প্রথমে রাকিব তাকে বাধা দেয়। এক পর্যায়ে ফারুক ঘর থেকে কুঠার এনে রাকিবের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এই অবস্থা দেখে বড় ভাই জিসান ছুটে আসলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ফারুক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় সাদ্দাম হোসেন (৩৮) নামের এক যুবক চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গণপিটুনিতে মৃত্যু হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে বাঙ্গরা ইউনিয়নের কালারাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে সংঘবদ্ধ চোরেরা অটোরিকশার ব্যাটারি চুরি করে এবং ঘরে সিঁদ কেটে প্রবেশের চেষ্টা করে। এ সময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে কয়েকজন সদস্য পালিয়ে গেলেও সাদ্দাম হোসেন ধরা পড়ে। এ সময় লোকজন জড়ো হয়ে চোরকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।