বিভাগীয় কমিশনার বললেন

নারায়ণগঞ্জ শহর রক্ষা করতে হলে নদী রক্ষা করতে হবে

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গাছ যদি না থাকে আমরা অক্সিজেন পাব না। অক্সিজেন না পেলে ২ মিনিটের বেশি আপনি পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না। কাজেই আমি মনে করি যে গাছ লাগানো একটা ইবাদতের মতো। নারায়ণগঞ্জে অনেক নদী ছিল, অনেক অবৈধ দখল হয়েছে। খালগুলো উদ্ধার করবেন যাতে নারায়ণগঞ্জের মানুষ জলাবদ্ধতায় কষ্ট না পায়। নারায়ণগঞ্জ শহরকে রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে।

গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা’ স্লোগান নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকালে র‌্যালি বের করা হয়। সেই সঙ্গে নারায়ণগঞ্জের

১৪টি জায়গায় ১০ হাজার বৃক্ষরোপণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিটি করপোরেশনের সচিব মো. নুর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু প্রমুখ।