গাজীপুরের কালিয়াকৈরে জাথালিয়া বিট অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের টাকা দিয়ে দেদারছে বনের জমি জবর-দখলের পর নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। আর এ সুযোগে ভয় দেখিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করেন স্থানীয় দালাল চক্রের সদস্যরাও।
গতকাল শনিবার সকালে বনের জমিতে অবৈধ স্থাপনার ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে নারীসহ দুই দালালকে খুঁটিতে বেঁধে নির্যাতনের সময় ৯৯৯-এ কল দিলে পুলিশ তাদের উদ্ধার করে।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মিজানুর রহমান ফোর্স নিয়ে আটক ওই দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে যান। এ ঘটনায় দুপুরে ওয়াসিম নামে এক ব্যক্তি বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। জাথালিয়া বিট কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) শরিফ খান চৌধুরী জানান, এ ক্ষেত্রে যদি অফিসের কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী, অবৈধ দখলদার ও বনবিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় বন অফিসে টাকা-পয়সা দিয়ে তাদের সঙ্গে যোগসাজসে এসব অবৈধ স্থাপনা নির্মাণসহ গাছ পাঁচারের অভিযোগ রয়েছে। এ সুযোগে দীর্ঘদিন ধরে বাশাকৈর এলাকার মনোয়ারা বেগম, মোশারফ হোসেনসহ বেশ কিছু স্থানীয় বিট অফিসের দালাল ভয় দেখিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও গাছ পাঁচারকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করে আসছিলেন। টাকা না দিলে ছবি তুলে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন এবং ৪০ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। এসব কারণে ক্ষিপ্ত হয়ে ওই দুই দালালকে আটক করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন অবৈধ স্থাপনা নির্মাণকারীসহ এলাকাবাসী।