আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ দেখতে চায় বিএনপি

দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিএনপি। তবে গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে অংশ নেওয়া এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, আমরা আগেই বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। এ ছাড়া সরকার ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি চায় আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। সরকার সেই পথেই হেঁটেছে।

এর আগে রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্প্রতিক বিষয়ে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা হয়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে আমি কিছু জানি না। তবে সাম্প্রতিক বিষয়ে নিয়ে তো আলোচনা হবেই। তিনি বলেন, রাত ৯টায় বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত ১২ টায় বৈঠক শেষ হয়।

গতকাল রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন অংশ নেন।