কারিগরি প্রশিক্ষণে জাপানের সহায়তা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গতকাল রবিবার জাপানে ওয়ার্ল্ড এক্সপো-২০২৫-এর ভেন্যুর জাপান প্যাভিলিয়নে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকির সঙ্গে এক বৈঠকে এ সহযোগিতার আহ্বান জানান। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা এবং সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ শ্রেণি, যাদের বয়স ১৬-৩০ বছরের মধ্যে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও যোগ্য জনশক্তিতে রূপান্তর করে জাপানের শ্রমবাজারে পাঠাতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তার অংশ হিসেবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ সময় তিনি বাংলাদেশে আরও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দানের সুযোগ তৈরিতে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করতে আগ্রহী। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ইতিমধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (এপিএ) স্বাক্ষরের জন্য পঞ্চমপর্যায়ের আলোচনা ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে।

জাপানের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বলেন, জাপানে দক্ষ শ্রমিকের খুব প্রয়োজন। বাংলাদেশের দক্ষ জনশক্তি এ দেশের শ্রমবাজারে এলে বাণিজ্যের একটি নতুন দিক উন্মোচন হতে পারে, যা দুদেশের জন্যই সুখকর হবে। এ সময় তিনি দক্ষ জনশক্তি তৈরিতে জাপানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে জাপান সরকার অঙ্গীকারবদ্ধ। অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নে দুদেশের মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে, আলোচনার মাধ্যমে দূর করে দ্রুত সময়ের মধ্যেই তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, জাপানের মিতসুবিশি করপোরেশন ইতিমধ্যে বাংলাদেশে সার-কারখানায় বিনিয়োগ করেছে, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বাংলাদেশে আরও বেশি জাপানি বিনিয়োগের জন্য জাপান সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

বৈঠকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাপানের ট্রেড পলিসি ব্যুরোর দক্ষিণ-পশ্চিম এশিয়াবিষয়ক পরিচালক শিমানো তোশিয়ুকি, ট্রেড পলিসি ব্যুরোর ইকোনমিক পার্টনারশিপ ডিভিশনের পরিচালক উচিনো হিরুতো এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মণসহ বাংলাদেশ দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।