আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি দল স্পষ্ট কিছু না বলে ইনিয়ে বিনিয়ে কথা বলছে,তারা আওয়ামী লীগকে প্রতিপক্ষ করতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র নায়বে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
সোমবার (১২ মে) বিকেলে স্থানীয় টাউন হলে হবিগঞ্জে এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মুফতি ফজলুল করীম আরো বলেন, জনগণ এখন বুঝতে পেরেছে, চোখ বুজে মার্কায় ভোট দেওয়ার দিন শেষ হয়ে গেছে। ইসলামী দল ক্ষমতায় আসলে থলের কালো বেড়াল বেড়িয়ে যাবে। বৈষম্যবিরোধী আন্দোলন করে আমরা মনে করেছিলাম বৈষম্য দূর করে ফেলেছি। কিন্তু এখনও চাঁদাবাজি গুন্ডামি, দখলদারি, অশ্লীলতা ও শ্লীলতাহানি চলছে।
তিনি অন্তর্বর্তী সরকারকে সাবধান করে বলেন, আমরা দেশের জন্য রক্ত দিয়েছি। তখন আপনারা কোথায় ছিলেন। যখন আমরা রাস্তায় ছিলাম তখন আপনারা এসি রুমে আরাম করছিলেন। স্মরণ করে দিচ্ছি যদি মানুষের আবেগ, আকাংখা ও জীবন নিয়ে খেলতে চান তাহলে আবারো আন্দোলন সংগ্রাম করে সমস্ত অন্যায় ভাসিয়ে দেব।
গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক জাতীয় সংসদ নির্বাচন, নারী সংস্কার কমিশন বাতিল, হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
সভায় জামায়াতেইসলামী, খেলাফত মজলিস এবিপার্টিসহ বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।