চুরির অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীর হামলা, বাড়িঘর ভাঙচুর 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে চুরি, ডাকাতি ও মাদক কারবারের অভিযোগে অতিষ্ঠ হয়ে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল রাস্তায় এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ সময় তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিয়াইম গ্রামের আব্দুল হাসিমের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), মৃত উসমান মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০), মৃত সক্কদর মিয়ার ছেলে সামছু মিয়া (২৬) এবং মৃত লাল মিয়ার ছেলে সাজু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতি ও মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পিয়াইমসহ আশপাশের বিভিন্ন গ্রামে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রামবাসীর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা রাতের আঁধারে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তেন। এমনকি চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে নারীদের যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তবে সামাজিক লোকলজ্জা ও নিরাপত্তার আশঙ্কায় অনেক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ করতে চাননি বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এলাকাবাসী আরও জানান, এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা পুলিশের নজর এড়িয়ে রাতের বেলায় বিভিন্ন অপরাধ সংঘটিত করতেন। পুলিশ একাধিকবার তাদের ধরতে অভিযান চালালেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি বলে দাবি গ্রামবাসীর।

এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে গ্রামের লোকজন একত্রিত হন। পরে তারা অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালান। বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল বের করে রাস্তায় স্তূপ করে আগুন ধরিয়ে দেন। 

মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার বলেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকার চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আজ বৃহস্পতিবার সকালে গ্রামবাসী বাড়ির বিভিন্ন মালামাল পুড়িয়ে দিয়েছেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত