গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপ-মুখপাত্র টমাস পিগট বলেছেন, যুক্তরাষ্ট্র একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সব মানুষের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করাকে সমর্থন করে। গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টমাস পিগট বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সম্পর্কে তারা অবগত।

ব্রিফিংয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মন্তব্য জানতে চান এক সাংবাদিক।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বলেন, ‘আমি এতটুকু বলতে পারি, আওয়ামী লীগ এবং এর নেতাদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটিকে সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অন্তর্বর্তী সরকার যে নিষিদ্ধ করেছে, তা আমরা অবগত। আমরা বাংলাদেশে এককভাবে কোনো রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে বেশি সমর্থন করি না। আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সব মানুষের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করাকে সমর্থন করি। সবার মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সংগঠনের অধিকারের প্রতি সম্মান দেখাতে আমরা বাংলাদেশসহ সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছি।’