ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে গত ৮ মে পাঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্রিকেটারদের তড়িঘড়ি হোটেলে ফেরানো হয়েছিল। সেই ঘটনায় ভয় পেয়েছেন বিদেশি ক্রিকেটাররা। অনেকে এতটাই ভয় পেয়েছেন যে, তারা আর আইপিএল খেলতে ভারতে যেতে চাইছেন না। অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক হলেন সেই ক্রিকেটারদের একজন।
এক ওয়েবসাইটে ম্যাকগার্কের ছোটবেলার কোচ শ্যানন ইয়ং বলেছেন, ‘ধর্মশালায় সেদিনের ম্যাচের পর জ্যাক অন্যদের চেয়ে একটু বেশিই ভয় পেয়েছিল। তাই আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাছাড়া পঞ্জাব ম্যাচের আগের দিন তার শরীরও ভালো ছিল না। সব মিলিয়ে, তার কোনোকিছুই ভালো লাগছিল না। ভাগ্যক্রমে তখন আমি সেখানেই ছিলাম এবং তাকে সঠিক পরামর্শ দিতে পেরেছি। জ্যাক তো বাচ্চা ছেলে, আমার সন্তানের মতো।’
ম্যাকগার্কের বদলে দিল্লি নিয়েছে মোস্তাফিজুর রহমানকে। শুধু ম্যাকগার্ক নন, অস্ট্রেলিয়ায় বেশির ভাগ ক্রিকেটারই হয়তো আইপিএলে ফিরবেন না। সবচেয়ে বেশি সমস্যায় পড়বে পাঞ্জাব কিংস। তাদের দলে ৪জন অজি ক্রিকেটার আছেন। তবে ট্রাভিস হেড এবং প্যাট কামিন্স ফিরবেন বলে আশা করা হচ্ছে। এদিকে কলকাতা নাইট রাইডার্সের ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী আর আইপিএল না ফেরার ঘোষণা দিয়েছেন।