টিকটকে লাইভ চলাকালে ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

টিকটক লাইভ চলাকালে ভ্যালেরিয়া মার্কেজ নামে ২৩ বছর বয়সী মেক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির জালিসকো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভ্যালেরিয়ার বিউটি সেলুনে প্রবেশ করে তাকে লক্ষ্য করে এক ব্যক্তি গুলি চালালে মৃত্যু হয় তার।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার জাপোপান শহরে যে বিউটি সেলুনে কাজ করতেন, সেখানে এক ব্যক্তি ঢুকে তাকে গুলি করে হত্যা করে। প্রসিকিউটর অফিস সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি।

জানা গেছে, এক ব্যক্তি উপহার দেওয়ার অভিনয় করে হত্যা করেছে ভ্যালেরিয়াকে। তবে এ ঘটনায় প্রসিকিউটরের কার্যালয় এখনো সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি।

নিহত ভ্যালেরিয়ার লাইভ করা ভিডিওতে দেখা যায়, টেবিলে বসে একটি খেলনা হাতে এই লাইভস্ট্রিমিং চলছিল। হঠাৎ তাকে বলতে শোনা যায়, ‘ওই ওরা আসছে।’ বাইরে থেকে একজনের কণ্ঠস্বর শোনা যায়, ‘হেই, ভ্যাল?’। এর উত্তরে ভেলেরিয়া ‘হ্যাঁ’ বলার পরে আর কোনও শব্দ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে শোনা যায় গুলির শব্দ। এক ব্যক্তিকে দেখা যায় ফোন তুলে নিতে। তখনও লাইভস্ট্রিমিং চলছিল। কিছুক্ষণের জন্য তার মুখও দেখা যায়।

ভ্যালেরিয়ার টিকটক ও ইনস্টাগ্রামে প্রায় ২ লাখ ভক্ত-অনুরাগী। তারা সবাই প্রিয় তারকার মৃত্যুতে আতঙ্কিত প্রতিক্রিয়া জানিয়েছেন।