উপদেষ্টা পরিষদের বৈঠক

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন

‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৮তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতীয় নগর নীতি ২০২৫’ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যের নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। পুনর্গঠিত খসড়া নীতি পুনরায় উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করার কথা বলেছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’-প্রণয়ন অনুমোদন সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে উপদেষ্টা কমিটির প্রতিবেদন গৃহীত হয়েছে। এই প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে জাতীয় জিন ব্যাংকের প্রয়োজনীয়তা যথাযথভাবে নিরূপণ না করে সাভারে এই প্রতিষ্ঠান ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। সরকারি ব্যয় বৃদ্ধি ব্যতীত জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহারের একটি পূর্ণাঙ্গ প্রস্তাব সারসংক্ষেপসহ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করার লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

দীর্ঘদিনের পুরনো হাইড্রোগ্রাফিক জরিপের ভিত্তিতে প্রদত্ত ইজারাধীন বালুমহালের ক্ষেত্রে নতুন করে ইজারা কার্যক্রম গ্রহণের আগে পুনরায় হাইড্রোগ্রাফিক জরিপ সম্পন্ন করে ইজারা কার্যক্রম গ্রহণ করা; সূর্যাস্তের পর বালু উত্তোলন বন্ধ করা এবং অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি না করে সরকারি প্রতিষ্ঠানের নির্মাণকাজে ব্যবহার করার বিধান অন্তর্ভুক্ত করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর আওতায় জারিকৃত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০১১’ হালনাগাদ করার সিদ্ধান্ত হয় সভায়। ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রক্রিয়ায় স্থানীয় পর্যায়ের অগ্রাধিকার ও সক্ষমতাকে অন্তর্ভুক্ত করে অভিযোজন পরিকল্পনা ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে একটি সুসংহত কাঠামো প্রণয়ন জরুরি। এ বিবেচনায় লোক্যালি লেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক (এলএলএএফ)- এর খসড়া উপদেষ্টা পরিষদ-বৈঠকে অনুমোদন করা হয়েছে।