বাস থেকে নামিয়ে দুই প্রবাসীর সাড়ে ৩৬ লাখ টাকা লুট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাব পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে ২ প্রবাসীর কাছ থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই প্রবাসীরা হলেন উপজেলার ভাগ্যকুল এলাকার বাসিন্দা জসিম শেখ ও সুজন খান।

প্রবাসীরা জানিয়েছেন, ঢাকা থেকে নগর পরিবহনের বাসে চড়ে তারা গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে শ্রীনগর ফেরিঘাট এলাকায় পৌঁছালে গতিরোধ করে র‌্যাব সদস্য পরিচয়ে বাসে উঠেন একদল লোক। এ সময় তারা জোরপূর্বক ওই দুই প্রবাসীকে বাস থেকে নামিয়ে একটি গাড়িতে তুলে নেয়। পরে তারা জসিমের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার ও সুজনের কাছ থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা লুটে নেয়। এরপর তাদের ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে চলে যায়।

এ বিষয়ে র‌্যাব-১০-এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, অনাকাক্সিক্ষত এ ঘটনার সঙ্গে জড়িতরা প্রকৃত র‌্যাব সদস্য নন। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। ওই চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ বলেন, ভুক্তভোগী ওই ২ প্রবাসী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনা তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।