মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো।
এতে আরও উল্লেখ করা হয়েছে, এ কর্মকর্তার দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটের প্রতিষ্ঠান কোড ১১৯-প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১১৯০৯-আন্তঃবাহিনীসমূহ পরিচালন এবং ১১৯০৯১১০০০০০০-প্রতিরক্ষা অ্যাটাশে খাত থেকে সংকুলান করা হবে।
মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সেনা জান্তা শাসনের কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সংবেদনশীল পর্যায়ে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষের কারণে বাংলাদেশ সবসময় সতর্ক অবস্থানে থাকে। এর মধ্যে সীমান্তে বারবার মর্টার শেল পড়া, গোলাগুলি এবং নাগরিক হতাহতের ঘটনাগুলো দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করেছে।
এমন প্রেক্ষাপটে ইয়াংগুন দূতাবাসে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টার আকস্মিক ও প্রতিস্থাপক ছাড়াই প্রত্যাহার কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো মিয়ানমার পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিশেষ কূটনৈতিক বা সামরিক কারণ রয়েছে যা সরকার এখনই প্রকাশ করতে চাচ্ছে না। আবার কেউ কেউ এটিকে দূতাবাসের অভ্যন্তরীণ পুনর্গঠনের অংশ হিসেবেও দেখছেন।