উপলক্ষ ঈদুল আজহা

শনিবার খোলা থাকবে সরকারি অফিস-ব্যাংক

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১৭ মে) খোলা থাকবে সরকারি অফিস। এ ছাড়া পরের শনিবারও (২৪ মে) এসব অফিস চালু থাকবে।

ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করেছে সরকার।

আজ শনিবার ব্যাংকে স্বাভাবিক সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সন্ধা ৬টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের নিজস্ব কার্যক্রম পরিচালিত হবে।

উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ‌এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আগে থেকেই এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।