৮ নভেম্বর ছুটি যেসব প্রতিষ্ঠানে, খোলা থাকবে যেগুলো

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

রবিবার (৮ নভেম্বর) সরকারি ছুটি থাকবে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বিশেষ করে শ্যামাপূজা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে কি না, এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে। তবে সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দিনটি সাধারণ ছুটি নয়। ফলে সরকারি অফিস-আদালতসহ অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামাপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, দিনটিতে সবার জন্য সাধারণ ছুটি কিংবা নির্বাহী আদেশে কোনো ছুটি ঘোষণা করা হয়নি।

সরকারি ছুটির বিধান অনুযায়ী, হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। অন্য ধর্মাবলম্বীদের জন্য দিনটি স্বাভাবিক কর্মদিবস। সে অনুযায়ী সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চলার কথা। ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানও নিজস্ব ছুটির সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে চিত্র ভিন্ন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রোববার শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত রয়েছে।

এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা তিন দিন ছুটি পাচ্ছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ছুটির সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করে নিজস্ব একাডেমিক ক্যালেন্ডারের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ পাওয়া যায়নি।

এদিকে ৮ নভেম্বর রবিবার পালিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা। এ উপলক্ষে ভক্তরা দেবী শ্যামা বা মা কালীর আরাধনা করবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত