নিঃসঙ্গ তামিমের সঙ্গী হতে পেরে উচ্ছসিত ইমন

৯ বছর আগে সেই ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্বল ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। এতদিন সেটাই ছিল এই ফরম্যাটে বাংলাদেশি কোনো ক্রিকেটারের একমাত্র সেঞ্চুরি। গতকাল আরেক দুর্বল দল আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে তামিমের সঙ্গী হলেন পারভেজ ইমন। দেশসেরা ওপেনারের পাশে বসতে পেরে তরুণ ইমন ভীষণ উচ্ছসিত।

শারজায় গতকাল শনিবার প্রথম টি-টোয়েন্টিতে ৫৪ বলে ১০০ রানের ইনিংস খেলেন পারভেজ ইমন। পরে বিসিবির ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভালো লাগছে, সেঞ্চুরি হয়েছে আমার। ড্রেসিংরুমে আসার আমার মনে পড়েছে, তামিম ভাইয়ের ছিল প্রথম সেঞ্চুরি। আমারটা দ্বিতীয় হলো। সব মিলিয়ে ভালো লাগছে। তামিম ভাইকে ছোট থেকে অনুসরণ করতাম। উনার খেলা দেখতাম, ভালো লাগত। উনার পরে নামটা আমার আসছে। ভালো লাগছে।’

তামিমের সেঞ্চুরিটি এসেছিল ৬০ বলে। তাকে ছাড়িয়ে পারভেজ ইমনই এখন দেশের হয়ে টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে গেছেন। ছক্কা মেরেছেন ৯টি, এক ইনিংসে যা বাংলাদেশের রেকর্ড। ইমন ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটার ২০ রানও করতে পারেননি। এই তরুণ জানালেন, তামিমের সেঞ্চুরিটা তার মাথায় ছিল, ‘তামিম ভাইয়ের একশটা মনে আছে, ওমানের সঙ্গে করেছিলেন। উনার সব খেলা দেখি সবসময়। আমার মনে ছিল।’